ক্ষমতা ও অর্থের সামনে নৈতিকতা কতটা অসহায়

নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৪ এপ্রিল: একজন মানুষ, এতদিন যাকে দেশ দেখেছে প্রতিবাদী, সরব, যুক্তিনিষ্ঠ মুখ হিসেবে — আজ তিনি নিজেই প্রমাণ করলেন, ক্ষমতা আর টাকার সামনে নৈতিকতা কতটা অসহায়। বিজেপির প্রশাসনিক দাপট, মিডিয়া নিয়ন্ত্রণ, সংগঠনশক্তি আর বিপুল অর্থবল — সবকিছুর সামনে দাঁড়িয়ে অনেকেই মাথা উঁচু রাখতে পারে না। রাঘব চাড্ডা সেই তালিকায় নতুন সংযোজন মাত্র।
যে মানুষ এতদিন পার্লামেন্টে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলতেন, সংসদে কঠিন প্রশ্ন তুলতেন, লাখো যুবকের মনে আশা জাগিয়েছিলেন — আজ তাঁর সেই মুখোশ খুলে গেল নিমেষে। অর্থের সামনে আদর্শ বিক্রি হয় না, একথা মিথ্যে। রাঘব চাড্ডা নিজেই প্রমাণ করলেন, মানুষ যত বড়ই হোক, চরিত্র ছোট হলে সব শেষ।
হ্যাঁ, বিজেপিতে যোগ দেওয়া তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তিনি যে কয়েক কোটি ভারতীয়ের আশা–ভরসার প্রতীক ছিলেন, আজ তাঁদের কাছে তিনি শুধু ব্যর্থ নন; বিশ্বাসঘাতক। রাঘব চাড্ডা এখন মানুষের চোখে অপরাধী। কারণ, তিনি স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছেন, যে সরকারের বিরুদ্ধে লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ সেই সরকারের ‘পক্ষে’দাঁড়িয়ে নিজের পরিচয়কেই কলঙ্কিত করলেন।
ইতিহাস বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না। রাঘব চাড্ডার নাম এখন সেই তালিকাতেই লিখে রাখা হবে।










































































































