কান্দি মহকুমা হাসপাতালে চালু ‘মা আহার’, ৫ টাকায় মিলছে মাছ-ভাত

দৈনিক জনকণ্ঠ, এজাজ আহম্মেদ, কান্দি: মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হল ‘মা আহার’। রবিবার এই জনকল্যাণমূলক পরিষেবার উদ্বোধন করেন কান্দির বিধায়িকা তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। মাত্র ৫ টাকার বিনিময়ে এখানে মিলছে পেটভরে মাছ-ভাত এবং হাসপাতালের রোগীর পরিবার, টোটোচালক, দিনমজুর, নিম্ন আয়ের মানুষ-সহ সকল সাধারণ নাগরিক এই পরিষেবার সুবিধা পাবেন। স্বল্প খরচে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনের পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ হাসপাতালের রোগীর পরিবারের সদস্য ও সাধারণ মানুষের সঙ্গে একই সারিতে বসে মাছ-ভাত খেয়ে তাঁদের সঙ্গে কথা বলেন, যা উপস্থিত মানুষের প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন, “এই পরিষেবা শুধু হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের জন্য নয়, এলাকার সাধারণ গরিব মানুষও যাতে মাত্র ৫ টাকায় একবেলা পেট ভরে মাছ-ভাত বা পুষ্টিকর তরকারি-ভাত খেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে।”
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ জন এই পরিষেবার সুবিধা পাবেন এবং ভবিষ্যতে কান্দি বাসস্ট্যান্ড ও আদালত চত্বরেও আরও ‘মা ক্যান্টিন’ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি সংখ্যক দরিদ্র মানুষ স্বল্পমূল্যে খাবারের সুবিধা পান।
এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। অতীতে বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষকে নিরামিষ খাবারের উপর নির্ভর করতে হবে। সেই প্রেক্ষাপটে মাত্র ৫ টাকায় মাছ-ভাত পরিবেশনের এই উদ্যোগ নতুন করে রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশের মতে, হাসপাতালের রোগীর পরিবার ও খেটে খাওয়া মানুষের জন্য এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং অল্প খরচে পুষ্টিকর খাবারের এই ব্যবস্থা তাঁদের দৈনন্দিন ব্যয় অনেকটাই কমাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।












































































































