মছলন্দপুর রেলগেট থেকেই ভাঙা রাস্তা

দৈনিক জনকণ্ঠ, মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র মছলন্দপুর রেলগেট সংলগ্ন রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার পথচারী, রেলযাত্রী, ব্যবসায়ী, অটো, টোটো, ভ্যান, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন এই পথ ব্যবহার করলেও সংস্কারের অভাবে রাস্তা এখন কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার বড় বড় গর্ত জলমগ্ন হয়ে যায়। ফলে কোথায় রাস্তা আর কোথায় গভীর গর্ত—তা বোঝাই দায়। বিশেষ করে সন্ধ্যার পর অপ্রতুল আলোর কারণে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। প্রতিদিনই মোটরসাইকেল আরোহী, সাইকেল চালক এবং পথচারীদের চরম সতর্কতার সঙ্গে এই রাস্তা পার হতে হচ্ছে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে দাবি বাসিন্দাদের। এলাকাবাসীর বক্তব্য, সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। মাঝেমধ্যে খোয়া বা পাথর ফেলে সাময়িক মেরামতের কাজ হলেও কয়েক দিনের মধ্যেই রাস্তার অবস্থা আগের মতো হয়ে যায়। বর্ষাকালে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে ওঠে।
এই রেলগেট পেরিয়েই প্রতিদিন ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের বহু ছাত্রী বিদ্যালয়ে যাতায়াত করে। তাই শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, পড়ুয়াদের নিরাপত্তার প্রশ্নও এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।












































































































