টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠল ময়ূরাক্ষী,

দৈনিক জনকণ্ঠ, অনির্বাণ পাঁজা, সিউড়ি: বীরভূমে টানা বৃষ্টির জেরে দ্রুত বাড়ছে ময়ূরাক্ষী নদীর জলস্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যারেজের উপর অতিরিক্ত চাপ কমাতে সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে ডাউনস্ট্রিমে প্রায় ৪ হাজার কিউসেক জল ছেড়েছে সেচ দপ্তর।
সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বীরভূম-সহ ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর উজান এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে নদীতে জলপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিয়ন্ত্রিতভাবে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নদীর পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আগামী দিনে আরও জল ছাড়া হতে পারে। ইতিমধ্যেই নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আতঙ্কের কোনও পরিস্থিতি না থাকলেও, আবহাওয়ার পূর্বাভাস ও উজানের বৃষ্টিপাতের উপর নির্ভর করে নদীর জলস্তর আরও বাড়তে পারে। তাই ময়ূরাক্ষী নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে নদীর ধারে না যাওয়ার আবেদন জানানো হয়েছে।











































































































