বকেয়া বেতনের জট কাটেনি, পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে অস্থায়ী কর্মীরা

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি : হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী পৌর কর্মচারীদের বেতন সমস্যার জট এখনও কাটেনি। বকেয়া বেতন মেটানোর দাবিতে বৃহস্পতিবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন অস্থায়ী কর্মীরা। বৈঠকে বেতন সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস পরিচালিত হুগলি চুঁচুড়া পৌরসভার বোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে পৌরসভা পরিচালনা ও নাগরিক পরিষেবা সচল রাখতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর মধ্যেই বিভিন্ন কারণে পৌরসভার পাঁচটি বিভাগের অস্থায়ী কর্মীদের বেতন এখনও মেটানো হয়নি বলে অভিযোগ। দীর্ঘদিন বেতন না পাওয়ায় সমস্যায় পড়েছেন ওই কর্মীরা। বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতেই এদিন পৌর কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠক হয়। বৈঠকে বেতন সংক্রান্ত সমস্যার কারণ এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বকেয়া বেতন মেটানোর বিষয়ে কী আশ্বাস দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে অস্থায়ী কর্মীদের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলী জানান, বেতন সমস্যার সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিষয়টি দ্রুত মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ বকেয়া বেতন হাতে পাওয়া যাবে, তা নিয়ে এখনও কর্মীদের মধ্যে উদ্বেগ রয়েছে। ফলে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা।























































































































