বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্সে তামিম ইকবাল

নিজেস্ব প্রতিবেদক : ক্রিকেট পরিকাঠামোয় ভারতের অভাবনীয় অগ্রগতি এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা এখন বিশ্ব ক্রিকেটের মডেল। সেই সাফল্যের অভিজ্ঞতা সচক্ষে দেখতে এবং ভারতের পরামর্শ নিতে বেঙ্গালুরু সফর করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবাল। সঙ্গে থাকছেন বিসিবির গ্রাউন্ডস ও এইচপি কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য বেঙ্গালুরুস্থিত বিসিসিআই -এর নবনির্মিত অত্যাধুনিক ‘সেন্টার অব এক্সিলেন্স’ পরিদর্শন করাই তামিমের এই সফরের মূল উদ্দেশ্য। ঢাকাস্থিত পূর্বাচলে বিসিবি একটি বিশ্বমানের ‘ক্রিকেট এক্সিলেন্স সেন্টার’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। সম্প্রতি বোর্ডের সভাতেও এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল প্রথম থেকেই আধুনিক স্পোর্টস সায়েন্স এবং সেরা ট্রেনিং পরিকাঠামোর ওপর জোর দিয়ে আসছেন। পূর্বাচলের স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের আধুনিক মডেলকেই অনুসরণ করতে চাইছে বিসিবি। বেঙ্গালুরুতে বিসিসিআই-এর এই হাই-টেক সেন্টারে ভারতের স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স ল্যাব, জিমনেসিয়াম, ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড এবং রিহ্যাব ব্যবস্থা কীভাবে পরিচালিত হয় তা খুঁটিয়ে দেখবেন তামিম ও তানিম।
ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সফর কেবল পরিকাঠামো পরিদর্শনেই সীমাবদ্ধ থাকবে না। আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে, যেখানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। বেঙ্গালুরু সফরকালে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তামিমের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ফলে আসন্ন এই হাই-প্রোফাইল সিরিজটির সূচি, নিরাপত্তা এবং অন্যান্য আয়োজন নিয়েও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিসিবি সভাপতির গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে। ভারতের বিশ্বমানের প্রযুক্তি এবং হাই-পারফরম্যান্স ব্যবস্থার এই আদান-প্রদান দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আগামী দিনে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাবে বলেই মনে করছে ক্রিকেট মহল।








































































































