মালদহে চালু আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিশার আশাবাদ

দৈনিক জনকণ্ঠ, মালদহ: রবিবার সারা দেশের সঙ্গে মালদহে আনুষ্ঠানিকভাবে চালু হল কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এদিন পুরাতন মালদহের মঙ্গলবাড়ি সদরঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী-সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই সংশ্লিষ্ট হাসপাতালে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিষেবা চালু করা হয়।প্রকল্পের সূচনা উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি সারভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং টেস্টেরও ব্যবস্থা করা হয়। শিবিরে এলাকার বহু মানুষ অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। এদিন উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ডও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা জানান, কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হওয়ায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিশা তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত আধিকারিকরা।






















































































































