ক্রিকেটে আবারও রাজনীতির কালোছায়া

দৈনিক জনকণ্ঠ ডেস্ক:
সূচি তৈরি, দিনক্ষণও ঠিক। তবু সেপ্টেম্বরের ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বরং সময় যত এগোচ্ছে, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের ছায়ায় ততই ফিকে হচ্ছে সিরিজ হওয়ার সম্ভাবনা। সূচি অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর ওয়ান ডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর টি-টোয়েন্টি হওয়ার কথা। আগে এই সফর ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে করা হয়। কিন্তু ক্রিকেটের বাইরের ঘটনাই এখন সিরিজের পথে সবচেয়ে বড় বাধা। দিল্লি থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ঘিরে ঢাকার অসন্তোষ প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও ভারতকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়বে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে আশা ছাড়েনি। ভারতের সফর নিয়ে আশাবাদী থাকার চেষ্টা করছে তারা। কারণ, ভারতীয় দলের সফর বাংলাদেশের ক্রিকেটের জন্য আর্থিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ এবং দর্শক আগ্রহ – সব দিক থেকেই ভারতকে আতিথেয়তা দেওয়া বড় সুবিধার বিষয়।
তবে বিসিবির অন্দরেই সংশয় বাড়ছে। বোর্ডের এক শীর্ষ কর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির পরে তিনি সিরিজ নিয়ে আর নিশ্চিত নন। তাঁর কথায়, নির্ধারিত সূচির আগে হাতে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। ভারতের ক্ষেত্রেও বিষয়টি শুধু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়। পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। ফলে ক্রিকেটীয় সূচির পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখনও অবশ্য সিরিজ বাতিলের কোনও সরকারি ঘোষণা হয়নি। তাই বাংলাদেশের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে সেই আশা ক্রমশই ক্ষীণ হচ্ছে। সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতীয় দল নামবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনেই থেমে যাবে প্রতীক্ষিত এই সিরিজ! সেদিকেই এখন নজর ক্রিকেটমহলের।













































































































