ডুরান্ডে বড় অঘটন! নবাগত সমলেশ্বরীর কাছে ৩-২ গোলে হারল মহামেডান

আব্দুল রাহাজ, কলকাতা:
সমলেশ্বরী এসসি ৩ – ( বেন ভাট ১১,তারেক ২৭,অর্জুন ৮১)।
মহামেডান স্পোর্টিং ক্লাব-২ লালরিনসাঙ্গা ৬০,লালনুনমাউইয়া ৬৫)।
রবিবাসরীয় পড়ন্ত বিকেলে যুবভারতীর বৃষ্টিভেজা মাঠে ঘটে গেল এবারের ডুরান্ড কাপের বড় অঘটন। নবাগত সমলেশ্বরী এসসির কাছে ৩-২ গোলে হারল জয়ের ছন্দে থাকা মহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল সমলেশ্বরী। অন্যদিকে এই হারে টুর্নামেন্টে পিছিয়ে পড়ল মেহেরাজ উদ্দিন ওয়াদুর ছেলেরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সমলেশ্বরী। ১ মিনিটে বেন ভাটের গোলে এগিয়ে যায় নবাগতরা। এরপর ২৭ মিনিটে তারেকের গোলে ব্যবধান ২-০ করে তারা। গোল শোধের জন্য মরিয়া মহামেডান প্রথমার্ধে একাধিকবার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেনা ছন্দে ফেরে মহামেডান। ৬০ মিনিটে লালরিনসাঙ্গা রালতে গোল করে ব্যবধান কমান। ৫ মিনিট পরই লালনুনমাউইয়া গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে, তখনই ৮১ মিনিটে অর্জুনের দুরন্ত গোলে ফের এগিয়ে যায় সমলেশ্বরী। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি মহামেডান। প্রথম ম্যাচে ভাগবতীকে হারালেও এই ম্যাচে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্বে চাপে পড়ে গেল মহামেডান। অন্যদিকে দুটি ম্যাচে ২ জয় নিয়ে দুরন্ত ছন্দে সমলেশ্বরী। সব মিলিয়ে ডুরান্ডের মঞ্চে নবাগতদের এই জয় ফুটবলপ্রেমীদের জন্য বড় চমক।







































































































