একদিনে পড়লো ১৮ উইকেটে।

দৈনিক জনকণ্ঠ ডেস্কঃম্যাকের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই পড়ল ১৮ উইকেট। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়াও স্বস্তিতে থাকতে পারেনি। শরিফুল ইসলামের দুর্দান্ত স্পেলে একসময় ১৩৫ রানে ৮ উইকেট হারায় তারা। তবে ক্যামেরন গ্রিনের অপরাজিত অর্ধশতরানে দিন শেষে অস্ট্রেলিয়া ১৬৫/৮, বাংলাদেশ থেকে ১০১ রানে এগিয়ে।
টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েই আগুন ঝরান মিচেল স্টার্ক। ম্যাচের প্রথম বলেই শাদমান ইসলামকে গালিতে ক্যাচ দিয়ে ফেরান তিনি। এরপর তানজিদ হাসান, মুমিনুল হক ও লিটন দাসও তাঁর শিকার হন। বাংলাদেশের অবস্থা এমন দাঁড়ায় যে মাত্র ১২ রানেই পড়ে যায় ৫ উইকেট। টেস্টে পাঁচ উইকেট হারানোর পর এটিই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
মুশফিকুর রহিম কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে ফেরেন। শেষ পর্যন্ত মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন ১১ নম্বরে নামা শরিফুল ইসলাম। স্টার্ক শেষ করেন ৬/১২ বোলিং ফিগারে। মাত্র ২২ বলেই পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এই ছয় উইকেট নিয়ে টেস্টে তাঁর মোট উইকেটসংখ্যা ৪৪০-এ পৌঁছেছে, ডেল স্টেইনকে ছাড়িয়ে।তবে বাংলাদেশের ইনিংসের পর ম্যাচের চিত্র বদলাতে শুরু করে। অস্ট্রেলিয়ার ইনিংসে তাসকিন আহমেদ ম্যাট রেনশকে ফেরানোর পর শরিফুল ইসলাম শুরু করেন নিজের বিধ্বংসী স্পেল। ট্রাভিস হেডকে দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন তিনি এবং একই ওভারে মার্নাস লাবুশানেকেও সাজঘরে পাঠান। এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে সাময়িকভাবে সামলে নেয়।
৪২ রানে থাকা স্মিথকে দুর্দান্ত ইনসুইংয়ে এলবিডব্লিউ করে ফেরান শরিফুল। এরপর একই ওভারে বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে বড় ধাক্কা দেন তিনি। শেষ পর্যন্ত মিচেল স্টার্ককেও বোল্ড করে নিজের ছয় উইকেট পূর্ণ করেন শরিফুল।অস্ট্রেলিয়া ১৩৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেললেও ক্যামেরন গ্রিন একপ্রান্ত আগলে রাখেন। আটটি চারসহ ৫১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার লিড এখন ১০১ রান। ফলে প্রথম দিনেই ১৮ উইকেট পড়ে গেলেও ম্যাচ এখনও বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়নি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ — ৬৪ অলআউট, স্টার্ক ৬/১২
অস্ট্রেলিয়া — ১৬৫/৮ ক্যামেরন গ্রিন ৫১*,স্টিভ স্মিথ ৪২, শরিফুল ৬/৩৫
অস্ট্রেলিয়া এগিয়ে: ১০১ রানে































































































































