ক্যালকাটা পুলিশকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে মহামেডান

আব্দুল রাহাজ – কলকাতা
ক্যালকাটা পুলিশ :ক্যালকাটা পুলিশকে হারিয়ে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে এবারের আসরে চতুর্থ জয় তুলে নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। মেহেরাজ উদ্দিন ওয়াদুর ছেলেরা পরপর দুটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ধরে রাখল সাদা-কালো ব্রিগেড। শনিবার বারাসাত স্টেডিয়ামে জয়ের ছন্দে থাকা ক্যালকাটা পুলিশের বিপক্ষে মাঠে নামে মহামেডান। দুই দলই এই ম্যাচে নামার আগে দারুণ ফর্মে ছিল।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলে। ১৯ মিনিটের মাথায় দুরন্ত ফর্মে থাকা ফার্দিন আলি মোল্লা গোল করে এগিয়ে দেন মহামেডানকে। গোল হজম করে মরিয়া হয়ে ওঠে ক্যালকাটা পুলিশও। কিন্তু মহামেডান ডিফেন্সের সামনে বারবার ব্যর্থ হয় তারা। ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া ছিল পুলিশ। কিন্তু পাল্টা আক্রমণে বারবার তাদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে মহামেডান। ম্যাচের ৭৩ মিনিটের মাথায় লালথানকিমার দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় সাদা-কালো ব্রিগেড। জয়সূচক গোলটির পরই কার্যত ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল ক্যালকাটা পুলিশ। অন্যদিকে পরপর দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল মহামেডান। ক্লাবের নতুন সভাপতিকে জয়ের উপহার দিল তরুণ তুর্কিরা।










































































































