ডার্বি হারের পর জয়ে ফেরার মিশন

নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে জয়ে ফেরার লক্ষ্য নিয়ে শুক্রবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। কিশোরভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ সিআইএসএফ প্রটেক্টর্স। ডুরান্ডের প্রথম ম্যাচেই ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে অভিযান শুরু করে অস্কার ব্রুজোর দল। অন্যদিকে সিআইএসএফ-ও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দী প্রাচীন ডার্বিতে হেরে গেলেও ঘরোয়া কলকাতা লিগে জয়ের ধারা বজায় রেখেছে লাল-হলুদ। টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে তারা। সেই ছন্দই ডুরান্ডে ফেরাতে চায় ইস্টবেঙ্গল। সিআইএসএফ প্রটেক্টর্সের বিরুদ্ধে এই প্রথম খেলতে নামছে ইস্টবেঙ্গল। অতীতে দেখা গেছে, এই বাহিনীর দল বড় দলের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দিয়ে অঘটন ঘটায়। তাই প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছে না ব্রুজো ব্রিগেড। বড় ব্যবধানে জিতে গ্রুপে টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যেতে চায় ইস্টবেঙ্গল।
ম্যাচ: ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ প্রটেক্টর্স
ভেন্যু: কিশোরভারতী ক্রীড়াঙ্গন।
সময়: সন্ধ্যা ৭:৩০









































































































