নীল ছেড়ে গেরুয়া, হকি বিশ্বকাপের আগে জার্সি বদল ঘিরে তুঙ্গে বিতর্ক

দৈনিক জনকণ্ঠ ডেস্ক: হকি বিশ্বকাপের আগে নতুন বিতর্কে জড়াল ভারতীয় হকি। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে চলা বিশ্বকাপের আগে পুরুষ ও মহিলা উভয় দলের নতুন জার্সি প্রকাশ করেছে হকি ইন্ডিয়া। আর তাতেই দেশজুড়ে শোরগোল। চিরাচরিত ‘মেন ইন ব্লু’ পরিচয় বদলে এবার ভারতীয় তারকাদের দেখা যাবে গেরুয়া জার্সিতে। সভাপতিই অন্ধকারে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকের একটি ফাঁস হওয়া ই-মেল। সূত্রের খবর, ফেডারেশনের সদস্যদের কাছে পাঠানো সেই মেলে তিরকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, জার্সির রং পরিবর্তনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তাঁর অভিযোগ, এক্সিকিউটিভ কমিটির কোনও বৈঠকে আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি ভারতীয় হকির অন্যতম পৃষ্ঠপোষক ওড়িশা সরকারও বিষয়টি নিয়ে হকি ইন্ডিয়ার কাছে কৈফিয়ত চেয়েছে। তবে বিতর্ক বাড়তেই পরে ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টা করেন তিরকে। তিনি বলেন, এখন বিতর্ক বাদ দিয়ে খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকে নজর দেওয়াই জরুরি।
হকি ইন্ডিয়ার যুক্তি; প্রযুক্তিগত কারণ সমালোচনার মুখে হকি ইন্ডিয়া ও অধিনায়ক হরমনপ্রীত সিং জানিয়েছেন, এটি নিছকই ‘প্রযুক্তিগত সিদ্ধান্ত’। ফেডারেশনের দাবি, বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক হকি টার্ফ নীল রঙের। নীল পোশাকে নীল টার্ফে খেললে বল, প্রতিপক্ষ এবং সতীর্থদের চিনতে সমস্যা হয়। তাই ভিসিবিলিটি বাড়াতেই গেরুয়া রং বেছে নেওয়া হয়েছে। সাপোর্ট স্টাফদের সঙ্গেও আলোচনা করেই এই সিদ্ধান্ত। হরমনপ্রীত মনে করিয়ে দেন, এটাই প্রথম নয়। ২০১৩-১৪ সালে দল হলুদ জার্সি পরেছে। পরে হালকা নীল ও গাঢ় নীলও ব্যবহার হয়েছে। রাজনৈতিক তরজা প্রযুক্তিগত যুক্তি মানতে নারাজ বিরোধীরা। সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদ অভিযোগ করেছেন, সরকারি আদর্শ জোর করে খেলার উপর চাপানো হচ্ছে। ‘মেন ইন ব্লু’ পরিচয় মুছে দেওয়ার চক্রান্ত হচ্ছে। পাল্টা বিজেপি সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেছেন, রং নিয়ে রাজনীতি না করে পদক জয়ের দিকে নজর দেওয়া উচিত। ক্রীড়াপ্রেমীদের প্রশ্ন, নীল টার্ফ থাকলে অন্য দেশগুলিও কি জার্সির রং বদলাবে? আর সবচেয়ে বড় কথা, সিদ্ধান্ত নেওয়ার সময় ফেডারেশনের স্বচ্ছতা কোথায়? বিশ্বকাপের আগে মাঠের লড়াইয়ের বদলে এখন আলোচনার কেন্দ্রে জার্সির রং। প্রযুক্তি নাকি রাজনীতি, উত্তর দেবে সময়। আপাতত গেরুয়া জার্সিতেই মাঠে নামছে ভারতীয় পুরুষ ও মহিলা দল।








































































































