কোটি টাকার প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন পুরপ্রধান, আদালতে জামিন

দৈনিক জনকণ্ঠ, হুগলি:কোটি টাকার আর্থিক প্রতারণা, তোলাবাজি ও জমি দখলের অভিযোগে তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি উত্তম কুণ্ডুকে গ্রেফতার করল তারকেশ্বর থানার পুলিশ। কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গত ২৫ জুন তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।বৃহস্পতিবার উত্তম কুণ্ডুকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জামিন দেন।আদালতে যাওয়ার পথে অভিযোগ অস্বীকার করে উত্তম কুণ্ডুর দাবি, তৃণমূল করার জন্যই আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি পালাইনি, কলকাতার বাড়িতেই ছিলাম।
অভিযোগকারী ব্যবসায়ী রাজেশ আগরওয়ালের অভিযোগ, একটি আবাসন প্রকল্পকে কেন্দ্র করে আর্থিক লেনদেন, জমি এবং নির্মীয়মাণ ফ্ল্যাট নিয়ে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাশাপাশি তাঁকে ভয় দেখানো এবং ৪০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও মামলায় রয়েছে। সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। অন্যদিকে, এই গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কি অভিযোগ চাপা ছিল? যদিও আদালতে জামিন পাওয়ার অর্থ অভিযোগগুলি প্রমাণিত হওয়া বা খারিজ হয়ে যাওয়া নয়। মামলাটি এখন তদন্তাধীন।
এদিকে পুলিশি তদন্তে অভিযোগগুলির সত্যতা কতটা প্রমাণিত হয় এবং মামলায় পরবর্তী সময়ে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে জেলার সাধারণ মানুষের।























































































































