জুট মিল শ্রমিকদের ব্যাতিক্রমী স্বাধীনতা দিবস উদযাপন

দৈনিক জনকণ্ঠ: দীর্ঘদিন বেদখল হয়ে থাকা ইউনিয়ন অফিস পুনরুদ্ধারের পর বিড়লাপুর জুট মিল শ্রমিকরা স্বাধীনতা দিবস পালনে সামিল হলো। তবে এই স্বাধীনতা দিবসে শুধুমাত্র পতাকা উত্তোলন নয় পরিবেশ সচেতনতায় বিলি হয় শতাধিক চারাগাছ। শনিবার ১৫আগষ্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিড়লাপুরে সর্ব ভারতীয় শ্রমিক সংগঠন হিন্দ মজদূর সভা বিড়লাপুর জুট মিল শাখার উদ্যোগে পতাকা উত্তোলন হয়। দেড়শতাধিক শ্রমিক এদিনের অনুষ্ঠানে সামিল হন। উপস্থিত ছিলেন এইচএমএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মহিলা নেত্রী মীনা পান্ডে, সমাজকর্মী সুজয় দাস,জুট শ্রমিক আন্দোলনের রাজ্য নেতা দীনেশ গিড়ি,নবউন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ’র সম্পাদক সঞ্জয় দাস, প্রমুখ।
অনুষ্ঠানে মূখ্য বক্তা এইচএমএস নেত্রী মীনা পান্ডে দেশের বিকাশে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন “পশ্চিমবঙ্গের জুট শিল্প ছিল অন্যতম বৃহৎ কর্মসংস্থানের জায়গা। কিন্তু দীর্ঘদিন সরকারী উদাসীনতা ও মালিক পক্ষের মাত্রাতিরিক্ত শোষনের ফলে জুট ইন্ডাস্ট্রির ভাটা চলছে। জুট শিল্পের উন্নয়নে দেশের বিকাশের অগ্রগতি হবে। নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম বসুর আদর্শে শ্রমিকদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।” পাশাপাশি পরিবেশ সচেতনতায় নবউন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ ‘র সহযোগিতায় ইউনিয়নের পক্ষ থেকে শতাধিক চারাগাছ বিতরণ হয়।এই প্রসঙ্গে নবউন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ’র সম্পাদক সঞ্জয় দাস বলেন “জুট একটি পরিবেশ বান্ধব শিল্প। বর্তমানে অবাধ গাছ কাটা ও বনভূমি ধ্বংসের ফলে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।তাই স্বাধীনতা দিবসের দিন পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে জুট মিল শ্রমিকদের মাধ্যমে শতাধিক চারাগাছ বিতরণ করা হলো।”
জুট মিল শ্রমিকদের সাথে এলাকার বহু ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষও এদিনের কর্মসূচীতে সামিল হয়।



















































































































