ডুরান্ড কাপ সেমিফাইনাল

আব্দুল রাহাজ-দৈনিক জনকণ্ঠ:
শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের এবারের আসরের সেমিফাইনাল লড়াই। তিন প্রধানের অন্যতম এবং বহু ইতিহাসের সাক্ষী মোহনবাগান সুপার জায়ান্ট বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে গুয়াহাটির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গত দুই আসরের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে।
সম্প্রতি দুটি দলই দুরন্ত ছন্দে রয়েছে। প্রতিটি ম্যাচ বড় ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসিকে টাইব্রেকারে হারিয়ে নাটকীয় জয় পেয়ে শেষ চারের ছাড়পত্র পায়। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড শিলং লাজংকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে ওঠার পাশাপাশি আরও একবার ফাইনালে ওঠার হাতছানি দেখছে।
তবে কি ইতিহাস রচনা করবে নর্থইস্ট ইউনাইটেড? সামনে বাধা সর্বাধিক শিরোপাজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট। গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এবারের আসরে ঘরোয়া লিগ সহ ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে সাহাল আব্দুল সামাদ, মনবীর সিংরা। তাই সবুজ-মেরুনের সামনেও থাকছে ফাইনালে ওঠার হাতছানি।
দুই সেরা দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ পর্যন্ত জমে উঠবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ম্যাচটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দুই দলের সমর্থক সহ আপামর খেলাপ্রেমী মানুষ।
আজ ডুরান্ডেঃ
মোহনবাগান বনাম নর্থইস্ট।
সময়: ৭:০০ টা।
ভেন্যু: জওহরলাল নেহরু স্টেডিয়াম, গুয়াহাটি।




















































































































