খেলোয়াড়দের ফিটনেস ও ওয়ার্কলোড সামলাতে বিশেষ পদক্ষেপ

মুহাম্মদ শাহবাজ : ভারতীয় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের একের পর এক চোট পাওয়া এবং তা পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখতে বড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । জাতীয় দলের তারকা খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনা পর্যালোচনা করতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া রবিবার বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন।
সাম্প্রতিক সময়ে জসপ্রীত বুমরাহ, সাই সুদর্শন সহ একাধিক গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটার চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের ঠিক আগে খেলোয়াড়দের এই ধরনের শারীরিক সমস্যা জাতীয় দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। ফলে খেলোয়াড়দের ফিটনেস ট্র্যাকিং, ফিজিও থেরাপি এবং পুনর্বাসনের বর্তমান নিয়মাবলি কতটা কার্যকর তা মূল্যায়নের জন্যই এই জরুরি আলোচনার আয়োজন করা হয়েছে।
বোর্ড সূত্রে খবর, এই বৈঠকে খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং বেঙ্গালুরুর সেন্টারে প্রদত্ত চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কীভাবে চোটের সম্ভাবনা কমানো যায় এবং চোটগ্রস্ত ক্রিকেটারদের আরও দ্রুত ও নিরাপদে মাঠে ফিরিয়ে আনা সম্ভব হয় সে বিষয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। দীর্ঘদিন ধরেই সেন্টার অফ এক্সেলেন্স ভারতীয় ক্রিকেটারদের রিহ্যাব ও ফিটনেস নিশ্চিত করার মূল কেন্দ্র হিসেবে কাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে চোটের পুনরাবৃত্তি রোধে কেন্দ্রের প্রক্রিয়া ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছিল। দেবজিৎ সাইকিয়া এবং ভিভিএস লক্ষ্মণের এই বৈঠকের পর বিসিসিআই ক্রিকেটারদের ফিটনেস নীতিতে নতুন কোনো গাইডলাইন জারি করে কি না, এখন সেদিকেই নজর দেশের ক্রীড়ামহলের।













































































































