ভোটাধিকার পুনর্বহাল ও নাগরিক পরিষেবা রক্ষার দাবিতে ডায়মন্ড হারবারে মিছিল

দৈনিক জনকণ্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার: ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভোটাধিকার পুনর্বহাল, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং রেশন, আবাস যোজনা-সহ সমস্ত নাগরিক পরিষেবা অক্ষুণ্ণ রাখার দাবিতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল। ‘ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’র ডায়মন্ড হারবার মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহস্রাধিক মানুষের জমায়েত হয় বলে আয়োজকদের দাবি।এদিন দুপুরে ডায়মন্ড হারবার পুরোনো হাসপাতাল চত্বর থেকে দাবিসম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল শুরু হয়। স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পৌঁছয়। মিছিলের পুরোভাগে ছিলেন সমিতির মহকুমা সম্পাদক সঞ্জয় মণ্ডল, সভাপতি নাসির উদ্দিন মীর এবং রাজ্য প্রতিনিধি বনমালী পণ্ডা।
মিছিল শেষে সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, নাগরিকত্ব সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকা অবস্থায় সংশ্লিষ্ট নাগরিকদের রেশন, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনা-সহ সরকারি পরিষেবা থেকে কোনওভাবেই বঞ্চিত করা যাবে না। পাশাপাশি বাদ পড়া পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনওরকম বাধা না আসে,তা নিশ্চিতকরার ও দাবি জানানো হয়।আন্দোলন কারীদের আরও দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের বিষয়ে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং যাঁরা বৈধ নাগরিক, তাঁদের নাম অবিলম্বে ভোটার তালিকায় পুনর্বহাল করতে হবে।
এদিন মহকুমা শাসক প্রতিনিধি দলের বক্তব্য ও দাবিগুলি মনোযোগ দিয়ে শোনেন।বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়।সমিতির মহকুমা সম্পাদক সঞ্জয় মণ্ডল এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্বের ইতিহাসে এমন ঘটনার নজির নেই। নিজের দেশের নাগরিককে বাদ দিয়ে নির্বাচন হয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী প্রবণতা।”প্রধান বক্তা বনমালী পণ্ডা বলেন, “দেশের বৈধ নাগরিকদের হোল্ডিং সেন্টারে রাখার কোনও নিয়ম নেই। এমনকি বিদেশি অনুপ্রবেশ কারীদেরও বিচারপ্রক্রিয়া মেনে ফেরত পাঠাতে হয়। সরকার কিছুই মানছে না।”সমিতির নেতৃবৃন্দ জানান, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।পাশাপাশি প্রশাসনিক স্তরে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবিও জানানো হয়।আন্দোলন কারীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর ও তীব্রতর রূপ নেবে।























































































































