ফালাকাটায় উদ্ধার মা গণ্ডারের মৃতদেহ, তীব্র চাঞ্চল্য

দৈনিক জনকণ্ঠ, প্রীতিময় সরখেল, ফালাকাটা: গ্রাম থেকে উদ্ধার হল একটি মা গণ্ডারের মৃতদেহ। মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কুঞ্জনগর সিনাপাড়া বস্তি এলাকায়। কীভাবে গণ্ডারটির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। গণ্ডারের দেহ উদ্ধারে কুনকি হাতি আনার প্রস্তুতিও শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি মা গণ্ডারকে তার শাবককে সঙ্গে নিয়ে বস্তি এলাকার মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর কোনওভাবে মায়ের কাছ থেকে শাবকটি আলাদা হয়ে যায়। এরপর শাবকের খোঁজে মা গণ্ডারটি বস্তির বিভিন্ন এলাকায় ছোটাছুটি করতে শুরু করে। সেই সময় একটি ঘরের উপরও হামলা চালায় বলে স্থানীয়দের দাবি।
দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ির পর গণ্ডারটি একটি বাঁশবাগানে গিয়ে আশ্রয় নেয়। বেশ কিছুক্ষণ ধরে গণ্ডারটির কোনও নড়াচড়া বা শারীরিক গতিবিধি দেখতে না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তাঁরা দেখতে পান, গণ্ডারটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে নদী পেরিয়ে শাবককে সঙ্গে নিয়ে গণ্ডারটি লোকালয়ে ঢুকে পড়েছিল। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। বন দফতরের পক্ষ থেকে তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
বনাঞ্চল সংলগ্ন বস্তি এলাকায় খাবারের সন্ধানে হাতি ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। অতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা অসুস্থতায় হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে লোকালয়ের মধ্যে গণ্ডারের মৃত্যু অত্যন্ত বিরল ঘটনা বলেই মনে করছেন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।




















































































































