ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য দিল্লির কারিম’স

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলি: এসো বসো, আহারে ভোজ কয় কাহারে! ব্যান্ডেলে এবার খাদ্যরসিকদের জন্য এল সুখবর। দিল্লির বিখ্যাত কারিম’স রেস্টুরেন্ট এবার পা রাখল ব্যান্ডেলে। শুক্রবার এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই রেস্টুরেন্টের উদ্বোধন হয়।
ফিতে কেটে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শিবশঙ্কর রায়-সহ বিশিষ্টজনেরা।দিল্লির জনপ্রিয় এই ব্র্যান্ডের ব্যান্ডেল শাখা নিয়ে ইতিমধ্যেই খাদ্যপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। রেস্টুরেন্টের কর্ণধার দেবলীনা রায় জানান, সাধারণ মানুষের নাগালের মধ্যে সুলভ মূল্যে রুচিসম্মত ও সুস্বাদু খাবার পরিবেশন করাই তাঁদের মূল লক্ষ্য। ব্যান্ডেল ও সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা এই রেস্টুরেন্টের মাধ্যমে পূরণ হবে বলেও তিনি আশাবাদী।
তবে উদ্বোধন হলেও সম্পূর্ণভাবে কারিম’স-এর নিজস্ব রান্নার স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। ওই দিন থেকেই কারিম’স কোম্পানির পক্ষ থেকে দিল্লির বিশেষজ্ঞ শেফ এসে পুরোদমে রান্নাবান্নার কাজ শুরু করবেন। ফলে দিল্লির ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে মফস্বল বাংলার খাদ্যপ্রেমীদের এক নতুন সংযোগ তৈরি হতে চলেছে। পুজোর মরশুমের ঠিক আগে ব্যান্ডেলে কারিম’স-এর এই আগমন নিঃসন্দেহে শহরের খাদ্যসংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে। দেবলীনা রায়ের আশা, পুজোর সময় দূরদূরান্তের খাদ্যরসিকরাও এখানে এসে পছন্দের খাবারের স্বাদ নিতে পারবেন এবং দীর্ঘদিনের রসনাতৃপ্তির চাহিদা অনেকটাই মিটবে। দিল্লির ঐতিহ্যবাহী স্বাদ এবার ব্যান্ডেলের মাটিতে—ফলে “এসো বসো আহারে, ভোজ কয় কাহারে” ডাক যে খাদ্যরসিকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।























































































































