বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিশ্বকাপের স্বপ্ন, খেলতে হবে বাছাইপর্ব

দৈনিক জনকণ্ঠ ডেস্কঃ একটি পরিত্যক্ত ম্যাচই বদলে দিল পুরো সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এক বলও মাঠে গড়ায়নি। টানা বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয় ব্রেডির ম্যাচ। আর সেই একটি পরিত্যক্ত ম্যাচের ফলেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন শেষ হয়ে গেল আয়ারল্যান্ডের।
বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে আয়ারল্যান্ডের সামনে ছিল কঠিন সমীকরণ। তাদের আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হারাতেই হতো। পাশাপাশি ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটি ওয়ানডেতে জিততে হতো। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট ভাগাভাগি হওয়ায় সেই সমীকরণ আর সম্ভব রইল না। ফলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ হারাল আইরিশরা।
এখন আয়ারল্যান্ডকে খেলতে হবে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো খেলবে ‘সুপার সিরিজ’ নামে পরিচিত প্রথম পর্বে, যেখানে সেরা দলটি মূল ১২ দলের বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে। যোগ্যতা নির্ধারণের এই বাছাইপর্বে অংশ নেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে (আয়োজক) বাদে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নিচের দুই পূর্ণ সদস্য দেশ, সিডব্লিউসি লিগ-২-এর সেরা চার দল এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে উঠে আসা চারটি দল। আয়ারল্যান্ডের জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তারা বাছাইপর্ব পেরোতে পারেনি। সেবার সুপার সিক্স পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আইরিশদের। এবারও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় আরেকটি কঠিন পথই বেছে নিতে হবে তাদের। এদিকে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের বাকি চারটি ম্যাচ এখন কেবল সিরিজ জয়ের লড়াই নয়, বরং আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং ও ভবিষ্যৎ প্রস্তুতির দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের জন্য।










































































































