২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপ, ৩ দেশ ১২ শহরের নাম চূড়ান্ত করল আইসিসি

আসাদ আলী, দৈনিক জনকণ্ঠ: আর ১৪ মাসের অপেক্ষা। তারপর ফের আফ্রিকার মাটিতে বসতে চলেছে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করল আইসিসি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া – তিন দেশ মিলিয়ে হবে এই টুর্নামেন্ট। মোট ৫৪টি ম্যাচের মধ্যে অধিকাংশই হবে দক্ষিণ আফ্রিকায়। আয়োজকদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৮টি শহর হল: জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গকেবেরহা, কিম্বার্লি, কেপ টাউন, পার্ল এবং ব্লুমফন্টেন। ফাইনাল হওয়ার সম্ভাবনা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডসে। জিম্বাবোয়ের ৩টি শহর – হারারে, বুলাওয়ায়ো এবং ভিক্টোরিয়া ফলস। এই তিন জায়গায় ৭ থেকে ১০টি ম্যাচ হবে। নামিবিয়ার উইন্ডহোক পাচ্ছে অন্তত ৩টি ম্যাচ। এটাই নামিবিয়ার প্রথম কোনও সিনিয়র আইসিসি প্রতিযোগিতা আয়োজন।
আয়োজক শহরের তালিকায় নতুন নাম ভিক্টোরিয়া ফলস। সেখানে ১০ হাজার ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে। চলতি বছরের শেষে কাজ শেষ করে ২০২৭-এর শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা। দক্ষিণ আফ্রিকার বেনোনি এবং পচেফস্ট্রুমকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে। নামিবিয়ার সঙ্গে যৌথ ভাবে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও এই দুই শহরে হতে পারে। আইসিসি সূত্রে সম্ভাব্য সময়সূচি-৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৭। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং কেনিয়া যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। ২৪ বছর পর ফের আফ্রিকায় ফিরছে ওডিআই বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা এর মাঝে ২০০৭-এর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩-এর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে। ৩ দেশ, ১২ শহর, ৫৪ ম্যাচ। ২০২৭-এর অক্টোবরে আফ্রিকা আবার ক্রিকেট উৎসবে মাততে চলেছে।









































































































