সমাজসেবায় কানাড়া ব্যাঙ্ক, শিক্ষা ও গ্রামোন্নয়নে নতুন উদ্যোগ

দৈনিক জনকণ্ঠ, সাহিনুর ইসলাম, ভাঙড়: স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিক্ষা, গ্রামোন্নয়ন ও সামাজিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নিল কানাড়া ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্কের কলকাতা আঞ্চলিক দফতর-৩-এর উদ্যোগে শনিবার ডোঙারিয়া অনুমতি বালিকা বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) এবং কামরা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন গ্রামে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের উৎসাহিত করতে পঞ্চম থেকে দশম শ্রেণির ফাইনাল পরীক্ষায় সেরা ফল করা ছাত্রীকে কানাড়া ব্যাঙ্কের বিশেষ প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ দেওয়ার ঘোষণা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীদের জন্য শৌচালয় নির্মাণে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।এর পাশাপাশি গ্রামীণ পরিকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ব্যাঙ্ক। কামরা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন গ্রামকে দত্তক নিয়ে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছে কানাড়া ব্যাঙ্ক। দীর্ঘদিন পিছিয়ে থাকা এই গ্রামে আলো পৌঁছনোয় খুশি স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর গ্রামের রাস্তায় যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা তাঁদের।
ব্যাঙ্কের এই উদ্যোগে খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ। শিক্ষা ও গ্রামীণ পরিকাঠামো—দুই ক্ষেত্রেই সরাসরি মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাড়া ব্যাঙ্কের ডিভিশনাল ম্যানেজার ভাস্কর রায়, চাকদৌলত শাখার ম্যানেজার সৌপ্তিক চক্রবর্তী, কলকাতা আঞ্চলিক দফতরের আধিকারিক গৌরব চৌধুরী এবং চাকদৌলত শাখার আধিকারিক তিয়াসা ঘোষ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কানাড়া ব্যাঙ্কের এই উদ্যোগে একদিকে যেমন মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়বে, তেমনই গ্রামের পরিকাঠামোগত উন্নয়নের পথও আরও প্রশস্ত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

























































































































