নতুন ট্রেন, প্ল্যাটফর্ম সংযুক্তিকরণ ও রেল প্রকল্পের দাবিতে সরব যাত্রী ও নাগরিক সংগঠন

দৈনিক জনকণ্ঠ, বীরভূম: হাওড়া ডিভিশনের এডিআরএম সচিন সুমনের আহমদপুর-কাটোয়া শাখা পরিদর্শনকে ঘিরে রেল পরিকাঠামো উন্নয়নের একাধিক দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে দুটি পৃথক স্মারকলিপি তুলে দেয় ‘আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’ এবং ‘লাভপুর নাগরিক উন্নয়ন সমিতি’।
প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামপুরহাট-হাওড়া ‘মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার’ এবং দেওঘর-শিয়ালদহ ‘শ্রীচৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস’ চালুর দাবি জানানো হয়। পাশাপাশি, আহমদপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের সঙ্গে কাটোয়া শাখার প্ল্যাটফর্ম সংযুক্ত করার আবেদন জানানো হয়েছে। সংগঠনের দাবি, বর্তমান ব্যবস্থায় যাত্রীদের দীর্ঘ পথ হেঁটে প্ল্যাটফর্ম বদল করতে হয়, ফলে বিশেষ করে প্রবীণ, মহিলা ও অসুস্থ যাত্রীরা সমস্যায় পড়ছেন। অন্যদিকে, ‘লাভপুর নাগরিক উন্নয়ন সমিতি’ লাভপুরে রেলের অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে একটি মেমু কোচ মেইনটেন্যান্স ইয়ার্ড, লোকো শেড, রেল কোচ ফ্যাক্টরি অথবা বৃহৎ হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেয়। সমিতির দাবি, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুবীর সেন, সাইফুল কাজী ইসলাম, জয়ন্ত মণ্ডল ও সৌরভ দত্ত উপস্থিত ছিলেন। লাভপুর নাগরিক উন্নয়ন সমিতির প্রতিনিধিত্ব করেন জয়ন্ত চন্দ্র, মানস দত্ত, গৌতম হাটি ও সদানন্দ দত্ত। এলাকার বাসিন্দাদের আশা, জনস্বার্থে উত্থাপিত দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পূর্ব রেল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এতে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার লক্ষাধিক মানুষের যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে।











































































































