নেতাজির অপমানের প্রতিবাদে মালদহে এসএফআইয়ের ‘আজাদি র্যালি’

দৈনিক জনকণ্ঠ:, মালদহ: বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ডাকে রবিবার মালদহে অনুষ্ঠিত হল ‘আজাদি র্যালি’। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের প্রতিবাদে এই র্যালি থেকে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সরব হলেন এসএফআই নেতৃত্ব। এদিন এসএফআই মালদহ জেলা কমিটির উদ্যোগে মালদহ শহরের বিনয় সরকার অতিথি আবাসের সামনে থেকে আজাদি র্যালির সূচনা হয়। র্যালিতে সংগঠনের বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। র্যালিতে নেতৃত্ব দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। উপস্থিত ছিলেন সংগঠনের মালদহ জেলা সম্পাদক কৌশিক মৈত্র-সহ অন্যান্য নেতৃত্ব।মালদহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানের প্রতিবাদে সরব হন। পাশাপাশি বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও ওঠে।
র্যালি শেষে বিনয় সরকার অতিথি আবাসে আয়োজিত এসএফআইয়ের শিক্ষা শিবিরে অংশ নেন সংগঠনের সদস্যরা। সেখানে বক্তব্য রাখেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সহ-সভাপতি অঙ্কিত দে, কেন্দ্রীয় কমিটির সদস্য শুভজিৎ সরকার-সহ অন্যান্য নেতৃত্ব।শিক্ষা শিবিরে বক্তারা বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে ‘আজাদি’ স্লোগানের অপব্যাখ্যা করার অভিযোগ তুলে সমালোচনা করেন। একইসঙ্গে দেশের স্বাধীনতা আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা এবং ছাত্রসমাজের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন তাঁরা। এসএফআই নেতৃত্বের দাবি, স্বাধীনতার প্রকৃত অর্থ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে ছাত্রসমাজকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।





















































































































