টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটার ট্রাভিস হেড

আসাদ আলি, দৈনিক জনকণ্ঠঃ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান অ্যালান বর্ডার মেডেল টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ট্রাভিস হেড। ভোটাভুটিতে উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরিকে মাত্র এক ভোটে হারিয়ে এই কৃতিত্ব গড়েন তিনি। অ্যাশেজে ওপেনার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সই শেষ পর্যন্ত হেডকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দিয়েছে। ভোটিং পর্বে হেড ১১ টেস্টে ৯৭১ রান করেন। এর মধ্যে অ্যাশেজ সিরিজেই আসে ৬২৯ রান ও তিনটি শতরান। পার্থে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এই নিয়ে ষষ্ঠ অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে একাধিকবার অ্যালান বর্ডার মেডেল জয়ের কীর্তি গড়লেন হেড।
অন্যদিকে, পুরো ভোটিং পর্বে ব্যাট ও উইকেটকিপিং – দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে অ্যালেক্স কেরি শেষ পর্যন্ত হেডকে কড়া চ্যালেঞ্জ জানান। তবে মাত্র এক ভোটের ব্যবধানেই শীর্ষ সম্মান হাতছাড়া হয় তাঁর। শুধু অ্যালান বর্ডার মেডেলই নয়, এদিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাশেজে ৫২ উইকেট শিকার করা মিচেল স্টার্ক হয়েছেন শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার। ছয় ওয়ানডেতে ৩০৪ রান করে মিচেল মার্শ জিতেছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার, আর ৩৯৫ রান করে টিম ডেভিড নির্বাচিত হয়েছেন টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার।
অ্যালান বর্ডার মেডেল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। প্রতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে একজন অস্ট্রেলীয় ক্রিকেটারের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে এই সম্মান দেওয়া হয়। সাবেক অধিনায়ক অ্যালান বর্ডারের নামে প্রবর্তিত এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করেন খেলোয়াড়, আম্পায়ার ও গণমাধ্যম প্রতিনিধিরা ভোট দেওয়ার মাধ্যমে। এবারের ভোটিং পর্বে বিবেচনা করা হয়েছে ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্স।










































































































