মাদক, জুয়া-সাট্টা ও নারী নির্যাতন রুখতে বহড়ুতে সচেতনতা সভা

দৈনিক জনকন্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যে পালাবদলের পর বিজেপির নেতৃত্বাধীন সরকারের একশো দিন পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যে অপরাধ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে নারী নির্যাতন ও মাদকের ব্যবহার বন্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে বিভিন্ন থানার এলাকায় বুথে বুথে সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।সোমবার জয়নগর থানার আইসি অমিত হালদারের নির্দেশে বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের বহড়ু হাসিমপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চারটি বুথের বাসিন্দাদের নিয়ে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের সভায় বিশেষভাবে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখ যোগ্য।
এদিনের সভায় মাদকবিরোধী সচেতনতা, নারী নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং বন্ধের পাশাপাশি এলাকায় জুয়া ও সাট্টার মতো বেআইনি কার্যকলাপ বন্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। সমাজে অপরাধমূলক প্রবণতা রুখতে পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর থানার এএস আই বিশ্বজিৎ সরকার, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর সহ অন্যান্যরা। আলোচনা সভা থেকে এলাকার বাসিন্দাদের উদ্দেশে মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রি বন্ধে সচেতন হওয়ার পাশাপাশি জুয়া-সাট্টা, নারী নির্যাতন এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। পুলিশ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলেও সভায় বার্তা দেওয়া হয়।





















































































































