ডুরান্ডে উড়ন্ত সূচনা মহামেডানের

মহামেডান-৪ (ফারদিন আলি মোল্লা, রেমসাঙ্গা-২ ইসরাফিল দেওয়ান)
বেনারস ভাগপত-০
আব্দুল রাহাজ, কলকাতা:
ডুরান্ড কাপের অভিযান জয় দিয়ে শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নবাগত বেনারস ভাগপত এফসিকে ৪-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মহামেডান। ২৯ মিনিটে দারুণ ছন্দে থাকা ফার্দিন আলি মোল্লার গোলে এগিয়ে যায় মেহরাজউদ্দিন ওয়াডুর দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালোরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ভাগপত। কিন্তু ৭০ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় মহামেডান। ৭৩ মিনিটে রেমসাঙ্গা ব্যবধান বাড়ান। ৮০ মিনিটে এবারের সিএফএল-এ দারুণ ফর্মে থাকা ইসরাফিল দেওয়ান তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৪-০ করেন রেমসাঙ্গা। নবাগত ভাগপত এফসি লড়াই করলেও গোলের মুখ খুলতে পারেনি। আক্রমণে গিয়েও মহামেডানের শক্ত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। এই জয়ের ফলে। ডুরান্ডের গ্রুপ পর্বে দারুণভাবে শুরু করল মহামেডান। ঘরোয়া লিগের জয়ের ধারা ধরে রেখেই অভিযান শুরু করল শতাব্দী প্রাচীন ক্লাবটি।



















































































































