মোহনবাগান-ইউনাইটেড নাটকীয় ম্যাচে ২ লাল কার্ড! সুহেলের গোলে জয় মোহনবাগানের

মোহনবাগান সুপার জায়ান্ট-১ (সুহেল আহমাদ ভাট)।
ইউনাইটেড কলকাতা এসসি-০।
নিজস্ব প্রতিনিধি: ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার ঘরের মাঠে ইউনাইটেড কলকাতা এসসি-কে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই জয়ে পেতে মরিয়া ছিল। প্রথমার্ধে শেষ দিকে গোলের মুখ খোলে মোহনবাগান। ৪৩ মিনিটে সুহেল আহমেদ ভাট-এর গোলে ১-০ গোলে এগিয়ে গিয়ে বিরতিতে যায় বাস্তব রায়ের ছেলেরা। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য ঝাঁপায় ইউনাইটেড। মাঝমাঠে দুই দলের মধ্যে ট্যাকটিক্যাল লড়াই চরমে ওঠে। ম্যাচের উত্তেজনার পারদও চড়ে। ফলস্বরূপ দুই দলেরই ১ জন করে ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েই জয় ধরে রাখে মোহনবাগানের তরুণ ব্রিগেড। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন। অন্যদিকে এই হারে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ইউনাইটেড কলকাতা। আগের ম্যাচে ড্র করার পর এই জয় মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও শেষ ম্যাচে হারা ইউনাইটেডের কাছে এটা বড় ধাক্কা।




















































































































