ডুরান্ডে নতুন চ্যালেঞ্জ! সোমবার যুবভারতীতে এফসি বেনারস ভাগপতের বিরুদ্ধে নামছে মহামেডান

আব্দুল রাহাজঃকলকাতা: জমে উঠেছে ময়দানের ঘরোয়া ফুটবল। ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে দারুণ ছন্দে রয়েছে শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব। এরই মধ্যে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এই টুর্নামেন্টের ইতিহাসে বাংলার ফুটবলের আলাদা জায়গা আছে। প্রথম ভারতীয় দল হিসেবে ১৯৪০ সালে ডুরান্ড কাপ জিতেছিল সাদা-কালো ব্রিগেড। এরপর ২০১৩ সালে আবার শিরোপা জেতে তারা। ২০২১ সালের ফাইনালে হেরে রানার্স হয়েছিল মহামেডান। সেই ইতিহাসকে সামনে রেখেই সোমবার ডুরান্ড কাপে মাঠে নামছে মহামেডান। প্রতিপক্ষ নবাগত বেনারস এফসি ভাগপত। মেহরাজউদ্দিন ওয়াডুর দল এখন দারুণ ফর্মে। গতবার ডুরান্ডে প্রত্যাশা মতো ফল করতে না পারলেও এবার ফুটবলারদের শরীরী ভাষাই আলাদা। সমর্থকদের প্রত্যাশাও তাই বেশি। অন্যদিকে প্রথমবার ডুরান্ড খেলতে নামছে বেনারস ভাগপত। সম্প্রতি তারা আই লিগ-৩ এর শিরোপা জিতে আই লিগ-৩ এ উত্তীর্ণ হয়েছে। নতুন দল হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। ঘরোয়া লিগে জয়ের ধারা ধরে রেখে ডুরান্ডেও ভালো শুরু করতে মরিয়া মহামেডান।
আজ ডুরান্ডেঃ
মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম বেনারস ভাগপত এফ সি।
স্থান: বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন
সময়: সোমবার, সন্ধ্যা ৭টা।
সরাসরি-সোনি নেটওয়ার্কে।







































































































