সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনায় গ্রেফতার চার, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র

দৈনিক জনকণ্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এবারে সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচারের ঘটনা। বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র-সহ গ্রেপ্তার চার।চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি কার্তুজ। সুন্দরবন এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় নৌকায় থাকা ৪ জনকেই আটক করে ভারতীয় কোস্ট গার্ড ও বন দপ্তর। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ভারতীয় কোস্ট গার্ড ও বন দপ্তর। যৌথ অভিযান চালিয়ে তারা সুন্দরবন এলাকা থেকে প্রথমে ‘আইএফবি ঝুমা’ নামে একটি ভারতীয় মাছ ধরার নৌকা আটক করে।
নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সেই সময় নৌকায় ৪ জন ছিলেন। তাঁদের প্রত্যেককেই আটক করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজও পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড ও বন দপ্তরের আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ত্রগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, কী উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদেরকে শুক্রবার আলিপুর সদর আদালতে পেশ করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছে পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।









































































































