রানাঘাট বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সফলভাবে পালিত হলো অরণ্য সপ্তাহ কর্মসূচি

দৈনিক জনকণ্ঠ, মুহাম্মদ শাহবাজ, রানাঘাট: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রানাঘাট কেন্দ্রের উদ্যোগে ১৭ থেকে ২০ জুলাই, ২০২৬ পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো বিশেষ অরণ্য সপ্তাহ উদ্যাপন কর্মসূচি। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের উদ্দেশ্যে পালচৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস এবং লালগোপাল উচ্চ বিদ্যালয় (উ: মা:) এই তিনটি বিদ্যালয়ে আলোচনা সভা ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তারা অরণ্যের অপরিহার্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রদীপ কুমার নাগ তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীকে বাঁচানোর প্রধান হাতিয়ার হলো অরণ্য ধ্বংস পুরোপুরি রোধ করা এবং নতুন নতুন বনসৃজন করা। ভূমিক্ষয় রোধ করতে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে, মরুভূমির প্রসার রোধে, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে এবং মাটির হিউমাস গঠন করতে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া পরিবেশকে শীতল রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি করে কার্বন ডাই-অক্সাইড শোষণের ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়। “আসুন আমরা সবাই মিলে পরিবেশের ভারসাম্য রক্ষা করি” এই বার্তা সামনে রেখে পালচৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস-এ মোট ৩০০টি এবং অরণ্য সপ্তাহের অন্যান্য দিনে লালগোপাল উচ্চ বিদ্যালয় (উ: মা:)-এ আরও ৫০টিসহ মোট ৩৫০টি চারা গাছ বিতরণ করা হয়।
উক্ত বিদ্যালয়গুলিতে আয়োজিত এই পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমে মনোরঞ্জন সাহা, শ্রীকুমার ঘোষ, শিবানী মুখার্জী, সুব্রত দে, নির্মল মিস্ত্রি, রাসু মোহন গোপ, অজিত চৌধুরী, শিপ্রা দত্ত মজুমদার, তাপস সরকার, জয়ন্ত হাঁসদা ও শুভ্রজ্যোতি দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুই বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা ও ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসাহ ও উদ্দীপনা ছিল সত্যিই চোখে পড়ার মতো। বিজ্ঞান মঞ্চ রানাঘাট কেন্দ্রের এই মহৎ উদ্যোগ স্থানীয় স্তরে পরিবেশ রক্ষায় এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।










































































































