হাবড়ায় ২ চানাচুর কারখানায় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাজেয়াপ্ত বিপুল সামগ্রী

দৈনিক জনকণ্ঠ, মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগনা: আচমকা হাবড়ার ২ চানাচুর কারখানায় হানা দিয়ে বিপুল সামগ্রী বাজেয়াপ্ত করল খাদ্য সুরক্ষা দফতর। দুটি কারখানাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়া থানার অন্তর্গত শ্রীনগরে অবস্থিত ওই দুই কারখানার নাম নিউ মা মনসা ও জয় মা মনসা। গোপন সূত্রে বিভিন্ন বেনিয়মের অভিযোগ পেয়ে রবিবার আচমকা ওই কারখানা দুটিতে যৌথভাবে হানা দেয় খাদ্য সুরক্ষা দফতর, ডিইবি বারাসাত এবং হাবড়া থানার আধিকারিকরা। কারখানার ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। সূত্রের দাবি, সেই সময় কারখানার ভিতরে খাবার তৈরির জায়গায় দিব্বি ঘুরে বেড়াচ্ছিল কুকুর, বিড়াল। শুধু তাই নয়, চরম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল চানাচুর। নোংরা মেঝেতে বসেই চলছিল চানাচুরের প্যাকেজিং তৈরির কাজ। এসব দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয় তদন্তকারী আধিকারিকদের।
এছাড়াও অভিযোগ, চানাচুরের প্যাকেটের গায়ে নেই কোনও উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য। এক তদন্ত আধিকারিক জানান, কারখানা দুটির লাইসেন্স রয়েছে ঠিকই কিন্তু খাদ্য তৈরির জন্য যে প্রটোকলগুলো মেনে চলতে হয়, এখানে দীর্ঘদিন ধরে তা মানা হচ্ছিল না – এমনই অভিযোগ ছিল তাদের কাছে। অভিযানে প্রাথমিকভাবে তা প্রমাণিত হওয়ায় কারখানা থেকে কয়েক বস্তা চানাচুর, ওজন মাপার মেশিন, প্যাকেজিং মেশিনসহ আরও কিছু সামগ্রী সিজ করা হয়েছে। জানা গিয়েছে, চানাচুরের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কারখানার মালিক মানিক সাহা ও দুলাল সাহা।










































































































