দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব

জুলফিকার আলি, দীঘা, পূর্ব মেদিনীপুর: দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ ভক্তিভরে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। মাসির বাড়িতে কয়েকদিন অবস্থানের পর প্রভু জগন্নাথ, বড়ভাই বলভদ্র ও বোন সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে নিজ মন্দিরে ফিরে আসেন। এই শুভক্ষণকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় হাজার হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যায়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি, কীর্তন এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে দীঘায় উৎসবের আবহ তৈরি হয়েছে। দেশ-বিদেশের বহু পর্যটক ও ভক্ত এই ঐতিহ্যবাহী উৎসবের সাক্ষী হতে দীঘায় ভিড় জমিয়েছেন। ভক্তদের বিশ্বাস, উল্টো রথের সময় প্রভু জগন্নাথের দর্শন ও রথের দড়ি স্পর্শ করলে জীবনে সুখ, শান্তি ও মঙ্গল লাভ হয়।
ধর্মীয় ঐতিহ্য, ভক্তি ও উৎসবের অনন্য মেলবন্ধনে দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা এদিন এক স্মরণীয় মহোৎসবে পরিণত হয়েছে তা একেবারেই বলাবাহুল্য।























































































































