মালদা মুসলিম ইনস্টিটিউটে সভা ও বই প্রকাশ

দৈনিক জনকণ্ঠ, নিজস্ব প্রতিবেদন, মালদা: মালদার ঐতিহ্যবাহী ‘মালদা মুসলিম ইনস্টিটিউট’ সভাকক্ষে আয়োজিত হয়ে গেল এক তাৎপর্যপূর্ণ সভা। একই সঙ্গে আয়োজিত হয় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। ইনস্টিটিউটের মুখপত্র ‘মিশন’ পত্রিকার প্রকাশ সংক্রান্ত রূপরেখা তৈরি হল, ‘বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট’-এর মালদা জেলা ইউনিট সম্মেলন ও নতুন কমিটি গঠিত হল। পাশাপাশি শেরশাবাদিয়া ভাষায় মাজহারুল আবেদীনের কাব্যগ্রন্থ “কমেলার সংসারে গৈদ্য পৈদ্য”-এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। শুরুতে ইনস্টিটিউটের সভাপতি আব্দুর রফিক প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন।
শেরশাবাদিয়া বিকাশ পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল ওয়াহাব তাঁর বক্তব্যে সমাজের অগ্রগতিতে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকার গুরুত্ব তুলে ধরেন। পিছিয়েপড়া মুসলিম সমাজকে জাগ্রত করতে এবং সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে যুবসমাজকে সঠিক দিশা দেখাতে ইনস্টিটিউটের পক্ষ থেকে কেন ‘মিশন’ পত্রিকা প্রকাশ করা হচ্ছে, তা তিনি সবিস্তারে বলেন।
‘মিশন’ পত্রিকার সম্পাদক নির্বাচিত হন অধ্যাপক আব্দুল ওয়াহাব, সহ-সম্পাদক হন উত্তরবঙ্গের বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহা: আকমাল হোসেন। দায়িত্ব নিয়ে আকমাল হোসেন আশ্বাস দেন, তাঁর নেতৃত্বে ও আন্তরিক প্রচেষ্টায় ‘মিশন’ যেন মালদা জেলার এক নম্বর সাহিত্য পত্রিকা হতে পারে, সেজন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এছাড়াও বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের মালদা জেলা ইউনিটের কো-অর্ডিনেটর শিক্ষক ও কবি মোহাম্মদ আলিউল হক-সহ জেলার বিশিষ্ট লেখক ও কবি ফিরোজ সরকার, কালাম হাবিব, রোজি খাতুন, আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।











































































































