মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তোলাবাজি ও মারধরের অভিযোগ বারুইপুর থানায়

দৈনিক জনকণ্ঠ, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের বিরুদ্ধে তোলাবাজি, মারধর ও ভাঙচুরের অভিযোগ এনে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলরামপুরের বাসিন্দা রমেন সরদার।
অভিযোগে বলা হয়েছে, করোনা লকডাউনের সময় জয়ন্ত ভদ্রের পক্ষ থেকে তাঁর মাংসের দোকান থেকে ২০ কিলোগ্রাম মাংস চাওয়া হয়েছিল। সেই দাবি মানতে অস্বীকার করায় রমেন সরদার ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং তাদের বাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগে আরও দাবি করা হয়েছে, এই ঘটনায় জয়ন্ত ভদ্রের গাড়ির চালক বিশ্বজিৎ ঘোষ-সহ আরও কয়েকজন জড়িত ছিলেন। রমেন সরদার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস না করার কারণেও তাঁকে ও তাঁর পরিবারকে টার্গেট করা হয়েছিল। হামলার পর প্রাণভয়ে তাঁকে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হতে হয়।
অভিযোগকারীর দাবি, সে সময় বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। উল্টে অভিযোগ করতে গেলে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রমেন সরদার।
অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, জয়ন্ত ভদ্র এর আগেও একটি গুদামে ত্রাণ উপকরণ মজুতের ঘটনায় বিতর্কিত হয়েছিলেন।

























































































































