শ্রাবণের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা

দৈনিক জনকণ্ঠ, আব্দুল গফফার, হুগলিঃ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে ভোর থেকেই তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের ঢল নামে। অসংখ্য ভক্ত হুগলির নিমাই তীর্থ ঘাট থেকে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে পদযাত্রায় তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে গোটা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও যাত্রাপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা এবং জরুরি পরিষেবা সচল রাখতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ তৎপর রয়েছে। সোমবার দীঘাঙ্গি মোড়ে স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শনে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ডিসি) অর্ণব বিশ্বাস, ডিসি (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) রূপান্তর সেনগুপ্ত, এডিসিপি (ট্রাফিক) দেবাশীষ সরকার এবং শ্রীরামপুর ও উত্তরপাড়া ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)। তাঁরা নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ এবং পুণ্যার্থীদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের উপর জোর দেন।
পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরমুখী পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নজরদারি এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা বজায় রাখা হবে।























































































































