বাঁকুড়ায় এসএফআই-এর প্রতীকী অনশন, শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি

দৈনিক জনকন্ঠ, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: দেশের শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রবিবার বাঁকুড়া শহরের চার্চ মোড়ে প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর বাঁকুড়া জেলা কমিটি। এদিন সংগঠনের জেলা কমিটির সদস্যরা অনশন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন দাবি তুলে ধরেন।
এসএফআই নেতৃত্বের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষাকে ধীরে ধীরে বেসরকারীকরণের পথে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি একাধিক নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সব দাবিকে সামনে রেখেই দিল্লিতে এসএফআই নেতৃত্ব অনশন কর্মসূচি পালন করছেন। সেই আন্দোলনের সমর্থনে বাঁকুড়াতেও প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন সংগঠনের নেতৃবৃন্দ।









































































































