পাকিস্তান ক্রিকেটে আবার অন্ধকার, ডোপ টেস্টে ধরা পড়লেন মহম্মদ নওয়াজ

আসাদ আলি
দৈনিক জনকন্ঠ:
পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে তিন মাসের জন্য নির্বাসিত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের অভিযোগে এই শাস্তি। তবে নির্বাসনের বড় অংশ ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ায় খুব শিগগিরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর নাওয়াজের ডোপ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তাঁর শরীরে কার্বক্সি-টিএইচসি (Carboxy-THC) নামে একটি নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়ে।
অভিযোগ অস্বীকার করেননি ৩২ বছরের নাওয়াজ। আইসিসিকে তিনি জানিয়েছেন, প্রতিযোগিতার বাইরে ওই পদার্থ ব্যবহার করেছিলেন এবং তার সঙ্গে মাঠের পারফরম্যান্সের কোনও সম্পর্ক ছিল না।
চিকিৎসা কর্মসূচিতে অংশ নেওয়ায় নাওয়াজকে আর বাড়তি নিষেধাজ্ঞা ভোগ করতে হবে না। তবে ৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত তাঁর সব ব্যক্তিগত পরিসংখ্যান বাতিল করেছে আইসিসি।
এই ঘটনার প্রভাব পড়েছে কাউন্টি ক্রিকেটেও। টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার কথা থাকলেও তদন্ত চলায় সেই চুক্তি কার্যকর হয়নি। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।









































































































