নিজ ভূমে পরবাসী! দিল্লিতে ভারতের বিরুদ্ধেই ‘হোম’ সিরিজ খেলবে আফগানিস্তান

আসাদ আলি, দৈনিক জনকণ্ঠ: আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক নজিরের সাক্ষী হতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। তবে সফরকারী নয়, এই সিরিজে আয়োজক বা ‘হোম’ দল থাকবে আফগানিস্তান। ভারতের মাটিতে ভারতকে স্বাগতিক হিসেবে আতিথ্য দেওয়ার ঘটনা এই প্রথম। সূত্রের খবর, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ম্যাচ তিনটি হওয়ার কথা। যদিও সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান নিজেদের আন্তর্জাতিক ‘হোম’ ম্যাচ ভারতের বিভিন্ন শহরে আয়োজন করে আসছে। লখনউ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় তারা একাধিক সিরিজ খেললেও, ভারতের বিপক্ষে কখনও ‘হোম’ সিরিজ আয়োজন করেনি।
ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচির মাঝেই এই সিরিজ। শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পর এবং এশিয়ান গেমস শুরুর আগে অল্প সময়ের ব্যবধানে খেলতে নামবে দুই দল। গত জুনেই ভারত সফরে এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য ভিন্ন ছবি দেখাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিকতা হারিয়েছে ভারত। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। ফলে দিল্লির এই সিরিজ দুই দলের কাছেই নতুন করে ছন্দে ফেরার বড় মঞ্চ হয়ে উঠতে পারে।




















































































































