এশিয়ান গেমস ক্রিকেট: সরাসরি নকআউটে ভারত- পাকিস্তান, অপেক্ষায় আফগানিস্তান

আসাদ আলি, দৈনিক জনকণ্ঠঃ এশিয়ান গেমস ২০২৬-এর ক্রিকেটের ড্র প্রকাশিত হয়েছে। পুরুষদের বিভাগে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমানকে প্রথম পর্বের বাধা টপকেই শেষ আটে উঠতে হবে। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। প্রথম পর্বে গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুই দল নকআউটে উঠে সরাসরি যোগ্যতা পাওয়া চার দলের মুখোমুখি হবে। সব ম্যাচই হবে জাপানের নাগোয়ায় টি-টোয়েন্টি ফরম্যাটে।
মহিলাদের বিভাগে অংশ নেবে আটটি দল। টুর্নামেন্ট শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে ভারতের প্রতিপক্ষ জাপান, বাংলাদেশের সামনে চিন, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড। উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা – দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। পুরুষদের ফাইনালে ভারতের কাছে হার মেনে রুপোয় সন্তুষ্ট থাকতে হয়েছিল আফগানিস্তানকে। এবারও প্রথম রাউন্ড উতরোতে পারলে নকআউটে আবার ভারতের সামনে পড়তে পারে আফগানরা।



















































































































