লোহরপুরের প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম কাশেমী আর নেই
দৈনিক জনকণ্ঠ, সামশেরগঞ্জ, ২৬ জুলাই: আলেম-কুল শিরোমণি, প্রখ্যাত শাইখুল হাদিস মাওলানা নুরুল ইসলাম কাশেমী (রহ.) ইন্তেকাল করেছেন। শনিবার গভীর রাতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
মাওলানা কাশেমী দীর্ঘকাল লোহরপুর মাদ্রাসার প্রধান মোদাররেস ও শাইখুল হাদিস হিসেবে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর সান্নিধ্যে অসংখ্য তালেবে ইলম দ্বীনের সহীহ ইলম অর্জন করেছেন। মুর্শিদাবাদ, মালদা ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা তাঁর হাজারো শাগিরদ ও ভক্তরা আজ অভিভাবকহারা। ইলমে দ্বীনের খিদমতের পাশাপাশি তিনি লোহরপুর ঈদগাহের দীর্ঘদিনের ইমাম ও খতিব ছিলেন। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত ও হৃদয়স্পর্শী বয়ান ও দোয়ায় মুসল্লিদের চোখ অশ্রুসিক্ত হতো। দূর-দূরান্ত থেকে দ্বীনদার মুসলমানরা তাঁর ইমামতিতে ঈদের নামাজ আদায় করতে সমবেত হতেন। উম্মাহর হিদায়াত, নৈতিক সংস্কার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তাঁর প্রজ্ঞাপূর্ণ নসীহত ও দিকনির্দেশনা ছিল অতুলনীয়।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে লোহরপুর ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে মুর্শিদাবাদ-মালদা অঞ্চলের ধর্মীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সমাজকর্মীরা শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।








