ধুলিয়ানে সম্প্রীতির মঞ্চে নানা ধর্মের প্রতিনিধিরা, ঐক্য-সৌহার্দ্যের বার্তা সদ্ভাবনা মঞ্চের

দৈনিক জনকণ্ঠ, অসিম আক্রাম, ধুলিয়ান: ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে মুর্শিদাবাদের ধুলিয়ানে এক ব্যতিক্রমী সম্প্রীতি সভার আয়োজন করল সদ্ভাবনা মঞ্চ। রবিবার বিকেলে সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে ধুলিয়ানের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা এক মঞ্চে উপস্থিত হয়ে সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের রাধামাধব মন্দিরের পুরোহিত বিশ্বজিৎ রায়, মিশনের ডিরেক্টর অফ ইন্ডিয়া ডেভিড মারান্ডি, জামাত-ই-ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সদ্ভাবনা মঞ্চের সহকারী জেলা সভাপতি আবদুল্লাহি কাফি, জেলা সম্পাদক মোস্তফা কামাল, জেলা সভাপতি সমরেন্দ্র ভট্টাচার্য, জৈন সম্প্রদায়ের প্রতিনিধি সাহিল জৈন-সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ভারতের প্রকৃত শক্তি তার বহুত্ববাদ, ধর্মীয় সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে নিহিত। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা। বর্তমান সময়ে সামাজিক ঐক্য, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত জরুরি বলেও মত প্রকাশ করেন বক্তারা।
সভায় ধর্মীয় সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা একে অপরের প্রতি সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখার ওপর জোর দেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে সম্প্রীতির এই বার্তা পৌঁছে দিতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান ঘিরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, সমাজে বিভেদের পরিবর্তে ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের সম্প্রীতি সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সদ্ভাবনা মঞ্চের নেতৃত্ব।









































































































