ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা,

দৈনিক জনকণ্ঠ, মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগনা: ঘরে বসে টাকা নিচ্ছেন তৃণমূল নেতা – এমনই এক পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। অভিযুক্তের নাম কৌশিক দত্ত। তিনি উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পূর্বতন সরকারের আমলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় বহু মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন। অথচ আজও তাদের ঘর দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, রাজ্যে সরকার বদলের পরই পলাতক ওই তৃণমূল নেতা। এদিকে অভিযুক্ত তৃণমূল নেতার পুরনো একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তার গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। বসিরহাট থানায় কৌশিক দত্তের বিরুদ্ধে কাটমানি নেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রতারিতরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বান্ডিল বান্ডিল টাকা তুলে দিচ্ছেন কৌশিক দত্তের হাতে। ভিডিওয় ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘সোনার জিনিস বন্ধক দিয়ে টাকা জোগাড় করে এনেছি, আমার চাকরিটা যেন হয়ে যায়।’ পুরনো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুনরায় ছড়িয়ে পড়তেই তৃণমূল নেতা কৌশিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যদিও ভাইরাল হওয়া ভিডিও-র সত্যতা যাচাই করেনি দৈনিক জনকণ্ঠ।
অন্যদিকে কৌশিক দত্তের মোবাইল ফোনের সুইচ অফ থাকায় তার প্রতিক্রিয়া জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ৪ মে রাজ্যে পালাবদলের পর থেকেই বাড়ি ছাড়া কৌশিক। কাটমানির টাকা ফেরতের দাবিতে মাস খানেক আগেও তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এখন পুরনো ভিডিও ছড়িয়ে পড়ার পরে আবারও তার গ্রেফতারের দাবিতে সরব হলেন স্থানীয়রা।









































































































