অবশেষে গ্রেফতার উপপ্রধান নির্মল ঘোষ

দৈনিক জনকণ্ঠ, হুগলি: সরকারি ত্রাণ আত্মসাৎ, তোলাবাজি এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন হুগলির আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান নির্মল ঘোষ। তাঁকে গ্রেফতার করেছে পোলবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ২০২৬ তারিখে নির্মল ঘোষের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাতের অভিযোগ, বিভিন্ন এলাকায় তোলা আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে পোলবা থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তদন্তে নেমে পুলিশ তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। অবশেষে শনিবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় নির্মল ঘোষকে চেনাই কঠিন হয়ে পড়েছিল। পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন আত্মগোপন করে থাকার জন্য তিনি এক মুখ দাড়ি রেখেছিলেন।
পুলিশের দাবি, পোলবা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় বাগের নির্দেশে স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারী আধিকারিক এসআই রাকেশ দাস এই অভিযান সফলভাবে পরিচালনা করেন। ধৃত নির্মল ঘোষকে চুঁচুড়া আদালতে তোলা হয়। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।























































































































