গুন্ডা দমন আইন ও বিচার-বহির্ভূত হত্যার বিরুদ্ধে কলকাতায় নাগরিক কনভেনশন
জসীমুদ্দিন মোল্লা, কলকাতা, ২৪ জুলাইঃ শুক্রবার কলকাতার মহাবোধি সোসাইটি অনুষ্ঠান হলে এপিডিআর,পিইউসিএল,বন্দিমুক্তি কমিটি ও এসিআরএস ইত্যাদি সংগঠনের ডাকে একটি নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছিল। নয়া রাজ্য সরকারের দ্বারা পরিচালিত বিভিন্ন দমনমূলক আইন, এনকাউন্টারে শাস্তিদান, ডিলিমিটেশন ইত্যাদির প্রতিবাদই ছিল এদিনের কনভেনশনের আলোচ্য বিষয়। সারাদেশে চরম অরাজকতার পরিস্থিতিতে একদিকে যখন দিল্লীর যন্তর মন্তরে নিট পরীক্ষার পেপার লিক ইস্যুতে দেশ উত্তাল সেই সময়ে দাঁড়িয়ে এদিনের কনভেশনের সুর ছিল কিছুটা ভিন্ন। এ রাজ্যেরও নানা অরাজকর পরিস্থিতির কথা এদিন অনুষ্ঠানে তুলে ধরেন আগত বুদ্ধিজীবীগন।
১৩ জুলাই থেকে কার্যকর হওয়া গুন্ডাদমন আইন, বারুইপুরে ঘটে যাওয়া শিশু ধর্ষণ, প্রভাষ মন্ডলকে এনকাউন্টারের বৈধতা ও সঠিক বিচারব্যবস্থার নিন্দা করে বক্তব্য রাখেন গুনীজনেরা। এপিডিআর এর উত্তরবঙ্গের সদস্য বাসুদেব ঘোষ বলেন, এ রাজ্যে সরকারের পালাবদলের পর থেকেই উত্তর প্রদেশীয় শাসনব্যবস্থার অনুকরণে এ সরকার চলছে।
সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের কথায়, সত্তর এর দশকেও মানুষের মধ্যে মান্যতা ছিল কিন্তু বর্তমানে চারপাশে যে সমস্ত মানুষকে দেখা যায় সেখানে একধরনের মান্যতা তৈরির চেষ্টা হচ্ছে। বিগত সরকারের প্রধানমন্ত্রীর ডাক্তারি ছাত্রছাত্রীদের আন্দোলনের দমনকে অত্যন্ত নিন্দার চোখে দেখছি বলে উল্লেখ করেন।বন্দি মুক্তি কমিটির জেনারেল সেক্রেটারি সইদুল ইসলাম বলেন, একজন প্রশাসক হিসেবে যে হেট স্পিচ দিচ্ছেন মুখ্যমন্ত্রী তা অত্যন্ত ভীতিকর। গনতান্ত্রিক পরিসর ক্রমশই সংকীর্ণ হয়ে পড়ছে একথা জলের মতো পরিস্কার।
এডভোকেট সব্যসাচী চক্রবর্তী বলেন, মানবাধিকারের উপর আক্রমন চলছে। লিবার্টি, ইকোয়ালিটির উপর আক্রমন আগেও হয়েছে কিন্তু এ রাজ্যে নতুন সরকার আসার পর যে ধরনের কর্মকাণ্ড চলছে তা অপ্রীতিকর ও নিন্দনীয়। একজন নাগরিককে কোমরে দঁড়ি বেঁধে ঘোরানো এবং তা পুলিশের দ্বারা হচ্ছে এটা মানবাধিকার ঘোর বিরোধী। পাশাপাশি তিনি বিচারব্যবস্থার অসাড়তার কথাও তুলে ধরেন। বিচারবিভাগীয় নিঃশব্দতাকে তুলোধনা করে বলেন এই কারণের জন্যই একজন নাগরিককে ‘গুন্ডা’ বলে দাগিয়ে দেওয়া যায়। এদিন মঞ্চ থেকে সম্মিলিতভাবে রুট স্তর থেকে মানুষকে সংবিধানের প্রতি সচেতন ও নূন্যতম জানকারি দেওয়ার প্রচেষ্টা, ছাত্রছাত্রীদের আরও সংযত হবার বার্তা দেওয়া হয়।








