লিবিয়া উপকূলে শরণার্থীদের নৌকায় অগ্নিকাণ্ড, হত ৬০

নতুন পয়গাম, ত্রিপোলি, ১৬ সেপ্টেম্বর:
আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই এক নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নৌকাটিতে মোট ৭৫ জনের মতো শরণার্থী ছিলেন। বাকি ১৫জন জীবিত আছেন। তাদের চিকিৎসা চলছেঝ বলে মঙ্গলবার রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে। সমুদ্রপথে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বন্ধে জরুরি পদক্ষেপের দাবিও জোরালো হচ্ছে।
গত মাসে ইয়েমেনের উপকূলে শরণার্থী বোঝাই এক নৌকা ডুবে ৮৬ জন নিহত হয় এবং এতে ডজনখানেক মানুষ নিখোঁজ হয়। গত বছর সমুদ্রপথে ভূমধ্যসাগরে অন্তত ২,৪৫২ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। আগস্টে দক্ষিণাঞ্চলীয় ইতালিয়ান দ্বীপ ল্যামপেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়া গত জুনে লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ৬০ জন নিখোঁজ হয়।
আইওএম জানিয়েছে, এ রুটটি শরণার্থীদের জন্য মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে।
আফ্রিকার দেশ লিবিয়ায় কমপক্ষে ৮ লাখ ৬৭ হাজার ৫৫ জন অভিবাসী রয়েছে। ২০১১ সালে প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করার পর দেশটি থেকে ইউরোপে পাড়ি দেওয়ার জন্য অভিবাসীদের কাছে একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে। গাদ্দাফির আমলে তেল সমৃদ্ধ এই দেশটিতে অনেক আফ্রিকান অভিবাসী কাজের সন্ধানে যেতেন। কিন্তু সেই সরকারের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সহিংসতা বেড়েছে। রাষ্ট্র পরিচালিত উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়ায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া শরণার্থীদের যাতায়াত আরও বিপজ্জনক হয়ে উঠেছে।























































































































