যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি হামলায় নিহত ৯৭ গাজাবাসী

নতুন পয়গাম, রামাল্লা:
যুদ্ধবিরতি চুক্তির পরেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৯৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন। রবিবার গাজার স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, ইসরাই এখন পর্যন্ত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১২০০ নিহত হয়। সেই রাত থেকেই ইসরাইল অল আউট যুদ্ধ শুরু করে গাজায়। গত দু-বছরে ইসরাইলি হামলায় অন্তত ৬৮ হাজার গাজাবাসী নিহত হয়েছে। যদিও বেসরকারি হিসেবে নিহত গাজাবাসীর সংখ্যা অন্তত ২ লক্ষ বা তারও বেশি।
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে মিশরে বৈঠকে ২০ দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে পাকাপাকি যুদ্ধবিরতি চুক্তি সই ও কার্যকর হয়েছে। চুক্তির আওতায় গাজায় ইসরাইলি হামলা পুরোপুরি বন্ধ করার কথা। কিন্তু তারপরেও একতরফা যুদ্ধ চালিয়েই যাচ্ছে ইসরাইল। ট্রাম্প বলেছেন, এটা বিচ্ছিন্ন হামলা। যুদ্ধবিরতি নাকি কার্যকর আছে।





















































































































