নভেম্বর বিপ্লবের স্মরণে বাগনানে শ্রমিক সভা

অতসী মন্ডল, নতুন পয়গাম, বাগনান:
ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সংগ্রামী শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি (AITUC)-এর আহ্বানে শ্রেণীর স্বার্থে একত্রিত হলেন শ্রমিকরা। আসন্ন ১০ই নভেম্বর শহীদ মিনার ময়দানে শ্রমিক বিক্ষোভ সমাবেশকে সফল করতে ৭ই নভেম্বর বাগনান স্টেশনের নিকটে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রস্তুতি সভা।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা রিনা ভট্টাচার্য, অঙ্গনারী ইউনিয়নের জেলা সংগঠক সরস্বতী ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নভেম্বর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য, শ্রমিক ঐক্যের প্রয়োজনীয়তা এবং ৪টি শ্রম কোড, বেসরকারিকরণ সহ সমস্ত শ্রমিক স্বার্থবিরোধী নীতি ও রাজ্য সরকারের শ্রমিক-কর্মচারী বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি হাওড়া গ্রামীণ জেলা কমিটির কোষাধক্ষ্য কমরেড শ্যামল মাইতি ও সম্পাদক কমরেড নিখিল বেরা।
সমাবেশে বক্তারা একবাক্যে বলেন — শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনই আজকের সময়ের একমাত্র পথ।















































































































