অফ ডিউটিতেও দায়িত্বশীলতার নজির পুলিশ অফিসারের!

নতুন পয়গাম, কৃষ্ণনগর:
লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেসে মানবিকতার এক অনন্য উদাহরণ দেখা গেল বেথুয়াদহরি স্টেশনের কাছে। ট্রেনের একটি বগিতে কান্নায় ভেঙে পড়েছিল ১০-১২ বছরের একটি বাচ্চা মেয়ে। তার হাতে ব্যান্ডেজ বাঁধা, মুখে ছিল আতঙ্কের ছাপ। যাত্রীরা প্রথমে বিষয়টি খেয়াল করলেও কেউ ঠিক বুঝে উঠতে পারছিলেন না কী হয়েছে। ঠিক সেই সময় বগিতে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর আসিফ আক্তার, যিনি সেদিন অফ ডিউটিতে ছিলেন।
মেয়েটিকে শান্ত করে কথা বলতে চেষ্টা করেন তিনি। ধীরে ধীরে জানা যায়, সে একটি অন্ধকার ঘরে অজ্ঞান অবস্থায় ছিল। জ্ঞান ফেরার পর কোনোরকমে পালিয়ে এসে ট্রেনে উঠতে পেরেছে। কিন্তু নিজের নাম, ঠিকানা বা পরিচয়—কিছুই বলতে পারছিল না সে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সাব-ইন্সপেক্টর আসিফ আক্তার নিজ উদ্যোগে দায়িত্ব নেন মেয়েটির নিরাপত্তার।
ট্রেন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালে, তিনি শিশুটিকে রেল পুলিশের হাতে আইনসম্মতভাবে তুলে দেন। সহযাত্রীদের অনেকে এগিয়ে এসে সহযোগিতা করেন, খাবার জল দেন, এবং শিশুটিকে মানসিকভাবে স্থির রাখার চেষ্টা করেন।
অফ ডিউটিতে থেকেও নিজের পেশাদার দায়িত্ববোধ এবং মানবিকতা দেখিয়ে সাব-ইন্সপেক্টর আসিফ আক্তার যেভাবে একটি অসহায় শিশুকে রক্ষা করলেন, তা সত্যিই প্রশংসনীয়। তার সতর্কতা এবং দ্রুত সিদ্ধান্তের ফলে একটি বিপন্ন জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল মানবতা শুধু হৃদয় দেখে।





















































































































